
মোঃ নুর নবী জনিঃ-
৮ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ ।
এর আগে বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ওই শিশুকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভূক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে। সে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়িতে রিয়াজুল ইসলাম ও ভূক্তভোগী শিশুর পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংঙের কাজ করেন ও তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে গেলে বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে রিয়াজুল শিশুটিকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকার বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।