
নিজস্ব প্রতিনিধিঃ-
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী কসাই শিপন।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।
এ খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপন (৪০)-কে ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা। বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে তারা লাকির নিথর দেহ দেখতে পান। তার মুখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। এসময় তাকে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এটি একটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হত্যাকাণ্ড। নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।