
মোঃ নুর নবী জনিঃ-
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলায় একটি বিশাল সমস্যা ছিল দুর্নীতি! কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সবাই জানেন। এই নারায়ণগঞ্জ শহরে ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।
রোববার(২৫ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তিনি বলেন, মা-বোনরা যেন নিরাপদের রাস্তায় হাটতে পারে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করবো। অপরাধী যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। মা ও গৃহিণীদের এই ফ্যামিলি কার্ড দিতে চাই। কার্ডের মাধ্যমে নগদ অর্থ বা খাদ্য সহায়তা দেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।