1. admin@bangladeshbulletin24.com : admin :
দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৭৪ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) র‍্যাব-১১র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি সংঘবদ্ধ ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল রাসেল আহমেদ। নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং কার্যক্রম ও আবাসন প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার ছিল তার বাহিনীর প্রধান উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইট, বালু সরবরাহ, স্ক্র্যাপ (ঝুট) ব্যবসা ও নির্মাণকাজের নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এ চক্রের বিরুদ্ধে। এছাড়া প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে মহড়া, প্রতিপক্ষের ওপর হামলা, গুলি ছোড়া, টেঁটাবিদ্ধ করা এবং বাড়িঘরে হামলার মতো একাধিক ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

র‍্যাবের দাবি, মাদক ও সন্ত্রাসবিষয়ক সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগও রয়েছে রাসেল বাহিনীর বিরুদ্ধে।

র‍্যাব জানায়, রাসেল ও তার সহযোগীদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে র‍্যাব-১১ এবং র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার কোরবানপুর এলাকায় তার বসতবাড়ির পশ্চিম পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল আহমেদের পিতা মৃত সাফাতুল্লাহ। তার বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায়। র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

র‍্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা