
মোঃ নুর নবী জনিঃ-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন,আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করে যাত্রীসেবার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
ঢাকাকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে কয়েকটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলো পরিদর্শন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমওসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।