
মোঃ নুর নবী জনিঃ-
দেশের প্রাচীনতম জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ” প্রতিপাদ্যে শুক্রবার (৩ জুলাই) কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা ও খেলাঘরের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান।
পরে সংগঠনের সহ-সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথমার্ধে খেলাঘরের আলোচনা ও শিশু কিশোরদের মনোজ্ঞ সঙ্গীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করা হয়। দ্বিতীয়ার্ধে সংগঠনের প্রতিবেদন পেশ, শোক প্রস্তাব, নতুন কমিটি গঠন ও শপথ পাঠ করা হয়। নতুন কমিটিতে আজিজুল ইসলাম মুকুলকে সভাপতি ও লায়ন রাজা রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মোঃ নুর নবী জনি ও মাহবুবুল ইসলাম সুমনকে সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত করে ৩৯ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিতদের শপথ পাঠ করান সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশের মনিপুরি নৃত্যের পথপ্রদর্শক তামান্না রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা খেলাঘর’র সভাপতি জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রথীন চক্রবর্তী, কেন্দ্রীয় খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা খেলাঘরের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, রুপগঞ্জ খেলাঘরের সভাপতি জয়নাল আবেদীন হীরা ও নারী নেতৃ তৌফিকা শাহেদ রীনা প্রমূখ। উক্ত সম্মেলনে উপজেলা খেলাঘরের সকল আসরের পর্যবেক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।