
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় অভিযানে শব্দদূষণকারী ৪ টি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয় ।
সোনারগাঁ উপজেলা প্রশাসন ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাঁচপুর সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
পরিবেশ অধিদপ্তর জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বিধিমালাটির ১৮(২) ধারা মোতাবেক অভিযানে ৪ টি যানবাহনকে জরিমানা করা হয়েছে এবং পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। এছাড়াও শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।