
মোঃ নুর নবী জনিঃ-
আসন্ন ঈদকে সামনে রেখে জনদূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন,সওজ ও হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইনে একজন সিএনজি চালককে তিন দিনের কারাদন্ড ও অনাদয়ে ২শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিবুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদূর্ভোগ বাড়ছিল। তাই জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।