
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা দুটি ব্যাটারি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা দুটি গুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে ব্যাটারী তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি প্রভাবশালী মহল কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। ফলে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারী উৎপাদনের দায়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।