
মোঃ নুর নবী জনিঃ–
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিকায়ন নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “Establishment of Digital Land Management System (EDLMS) Project (১ম সংশোধিত)” এর আওতায় দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মো: সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব, প্রকল্প পরিচালক (EDLMS) ও পরিচালক জনাব মো: মোমিনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতিনিধি।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সচেতন করা এবং জরিপ চলাকালীন সময়ে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা।
এসময় সেমিনারে EDLMS প্রকল্পের বিভিন্ন দিক যেমন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, আধুনিক ভূমি জরিপ পদ্ধতি, ডিজিটাল ম্যাপিং, জমির তথ্য ডিজিটাল ডেটাবেইসে অন্তর্ভুক্তিকরণ, নাগরিকসেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা করা হয়।
এছাড়াও নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সেবা গ্রহণে কোনো ভোগান্তি না হয়। সর্বোপরি, জরিপ কাজে প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করার আহ্বান জানানো হয়, যাতে কার্যক্রম আরও কার্যকর, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা যায়। এই দিনব্যাপী সেমিনারটি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।