
মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ রূপগঞ্জের লাভড়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেনসিডিলসহ মো. ইউসুফ মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখার এসআই অংকুর কুমার ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মো. সোহেল মিয়া,এএসআই শহিদুল ইসলাম ও ফোর্সের সহায়তায় সোমবার (১৯ মে) রাত ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাভড়াপাড়া এলাকার মুকুল ওরফে মকবুল মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩০) কে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই অংকুর কুমার ভট্টাচার্য্য জানায়, অভিযানের সময় ইউসুফ মিয়ার গোয়ালঘরে লুকানো অবস্থায় ১৩টি পোটলা থেকে মোট ৫২ কেজি গাঁজা এবং ৩টি পাটের বস্তা থেকে ৫২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ ২০ হাজার টাকা।
ইউসুফ মিয়া জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামি মো. ইব্রাহিম বাবু (২৮) ও মো. বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) এর সহযোগিতায় সে দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
ডিবি পুলিশ জানান, ইউসুফ মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।