নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বুধবার সকালে বিষয়ে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর থানা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার ভূইয়া, কাঁচপুর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সজল, থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সোনারগাঁ পৌরসভা চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবীর হোসেন।
এছাড়া অভিযানে মাদক সেবনের অভিযোগে মামরকপুর এলাকার হানিফ ও পঞ্চবটির আশরাফকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চুরি মামলায় বরিশালের মিজানুর হাওলাদার বাদশা এবং ওয়ারেন্টভুক্ত আসামি চৌধুরী গাঁওয়ের গিয়াস উদ্দিন মোল্লাকেও আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।