
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাকি ছয়জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ওসি আব্দুল বারিকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— বানীনাথপুর গ্রামের নির্মল কুমার সাহা, কাঁচপুর বারিপাড়া গ্রামের মোঃ আঃ আজিজ এবং মনারকান্দি গ্রামের মিনার হোসেন।
এছাড়া একই অভিযানে মাদক সেবনের দায়ে নজরুল ইসলাম, সজিব, ছানোয়ার হোসেন, কাউছার, শাহ পরান ও শফিকুল ইসলাম নামের আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি।