
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ‘কাশ্মীর গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা ও প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ডাকাতির সময় নিরাপত্তাকর্মীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানে প্রবেশের পর ডাকাত দলের সদস্যরা দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
অভিযোগে আরও বলা হয়, ডাকাত দলের সদস্যরা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনে থাকা দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ ছাড়া তামার তার, সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক বলেন, এঘটনা টি তদন্তাধীন আছে, শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.