মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট আটজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ১ জন, মাদক মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ২ জন আসামি রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলোঃ-নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মুকবুল হোসেন (৫৫), জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোমেন (৪৩) এবং একই ইউনিয়নের প্রচার সম্পাদক মো. আকাশ বিশ্বাস (৩০)। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রিফাত হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে মাদক গ্রহণের অভিযোগে কাঁচপুরের সোনাপুর এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম (৩১) ও রুবেল (২৭) নামে দুই মাদকসেবীকে আটক করা হয়। অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার মো. ওহিদ (৫৩) ও সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার সানিকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.