ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাসান আলী (৪০) নামের এক গাড়ি চালকের ফ্ল্যাটে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮/১০ জনের ডাকাত দল বাড়ির সিড়ি কোটার গেইট কেটে দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি রুপা, ৫ আনা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ ২ লক্ষাধিক টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে জৈনপুর গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাসান আলী জানান, উপজেলার পিরোজপুর ইউপি’র পিরোজপুর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে তিনি। পেশায় একজন বাস চালক। কয়েকদিন আগে জৈনপুর (মোড়) গ্রামের ফারুক মিয়ার বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে আসেন। মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে বাড়ির সিড়ি কোটার গেইটের তালা কেটে হাসান আলীর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ৩ বছরের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র (চাপাতি) ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে হাসান আলীকে বেধেঁ ফেলে মুখোশধারী ডাকাত দলের ৩ সদস্য। তাদের কাছে চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল। পরে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন, ১৬ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে চলে গেলে হাসান আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায়। পরবর্তিতে সকালে হাসান আলী সোনারগাঁ থানায় ফোন দিলে থানা থেকে জানানো হয় যে, শ্রমিক অসন্তোষের কারণে পুলিশ ব্যস্ত আছে। এদিকে একটি সূত্র জানায়, ডাকাতির সময় ওই ভবনের নীচে ও আশপাশে মুখোশ পরিহিত আরো কয়েকজন দাড়িয়ে ছিল। ডাকাতি হওয়া বাড়ি সংলগ্ন রওকত মিয়ার টিনের একটি ঘরে তার ছেলে মাহফুজের নেতৃত্বে সেখানে মাদক ব্যবসায়ী ও ডাকাত দল অবস্থান করে। সে ঘরেই ডাকাতি করার অস্ত্র রাম দা, রড, লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র রাখা হয়। স্থানীয় মাদকাসক্ত ও ছিঁচকে চোর মাহফুজ, নাঈম ও লিটনের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না। কেউ তাদের প্রতিবাদ করলে তারা প্রকাশ্যে রামদা নিয়ে হুমকি ধামকি দেয় ও মারধর করে। এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আঃ বারিক জানান, ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে চোর ডাকাত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তারে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.