নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শন শুরু করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে কারুপল্লীর জামদানি পল্লী ঘুরে দেখেন।
মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।
এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.