
সোহেল কবিরঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু টেক্সটাইল নামের একটি কারখানার বিষাক্ত পানি ছেড়ে জলবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ সময় দুই ঘন্টা ব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী । বুধবার (০৪ জুন) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, নান্নু, মনোয়ারা টেক্সটাইলসহ ৪ টি কারখানার ডাইয়িংয়ে ব্যবহৃত বিষাক্ত পানি ইটিপি প্লানের মাধ্যমে নিষ্কাশন না করে সরাসরি এলাকার ভিতরে ছেড়ে সাধারণ মানুষের বাড়িঘর, সড়ক তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে হয়রানি করে আসছে। গত মঙ্গলবার বিকেলে নান্নু টেক্সটাইল ফের পানি ছেড়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে এলাকাবাসীর কয়েকজনকে ওই কারখানার ভাড়াটিয়া সন্ত্রাসী হানিফসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর মাহমুদ ভিডিও ধারণ করতে গেলে তারা ওই সংবাদকর্মীকে ব্যাপক লাঞ্ছিত করে তার মোবাইল ফোন কেড়ে নেয়। এর প্রতিবাদে আমরা এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ কর্মসূচী করেছি। ইউএনও, এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। যদি এর সুষ্ঠু সমাধান না হয় তবে আমরা কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে।
স্থানীয়রা আরো জানান , দেশের বিভিন্ন এলাকা থেকে নদী ভাঙা মানুষ এই এলাকায় জমি কয় করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। বেশিরভাগ মানুষই অল্প অল্প জমি কিনে বাড়িঘর করে বসবাস করছেন। কিন্তু এই এলাকার মানুষের কপালে দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে পানি থাকার কথা থাকলেও এখানে পানি থাকে বারোমাস । এর কারণ হলো বিভিন্ন কারখানা থেকে ছেড়ে দেয়া বিষাক্ত পানি । তারা তাদের ডাইংয়ের পানি ইটিপি প্লান ব্যবহার না করে তারা এলাকায় পানি ছেড়ে দিয়ে জলবদ্ধতা তৈরি করে রেখেছে। অবিলম্বে এর সমাধান না হলে আমরা বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবো।
ভুলতা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাহানুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কারখানার কতৃপক্ষ ও বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে দ্রুতই একটা সমাধানে যাবো আমরা।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এলাকাবাসী ও কারখানার কতৃপক্ষের সাথে কথা হয়েছে আশা করছি সমাধান হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.