
নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (১৯) নামে সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় শিহাব প্রধান (১৯) নামে এক যুবক আহত হন।
রোববার (১৮ মে) বিকেলে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং আহত যুবককে উদ্ধার করে মদনপুরস্থ দি বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, বিকেলে বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের দড়িকান্দিগামী মোটরসাইকেলটিকে কেওঢালা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে আরোহী আফসানা আক্তারের মৃত্যু হয়। নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং বাইক চালক আহত শিহাব প্রধান সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.